

স্বপ্ন সম্পর্কে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম বলেছিলেন, 'স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।' সত্তরের সেন্টমার্টিন ছিল স্বপ্ন, যা জোনাথন সুইফট দেখেছিলেন। সুইফট স্বপ্ন থেকেই লিখেছিলেন 'গালিভারস ট্রাভেলস'। আমার শৈশব থেকেই ভ্রমণের প্রত্যাশা। প্রত্যাশা পূরণের নেশায় একই স্থানে ছুটে গেছি বারবার। নব্বইয়ের দশকের মাঝামাঝি। ডিসেম্বর মাস। আদালত বন্ধ। একমাত্র ছেলে হাসানের এসএসসি পরীক্ষাও শেষ। সেন্টমার্টিনের গল্প শুনে বাড়িতে না জানিয়ে হাসানও রওনা হয়েছিল সেন্টমার্টিন। একা সাহস পায়নি, পতেঙ্গা সৈকত দেখেই ফিরে এসেছে। একা বাইরে যাওয়া কঠোরভাবে বারণ, তাই বাপ-বেটা একত্রে স্বপ্ন পূরণের জন্য দিনক্ষণ ঠিক করি।