

ভালোবাসা শব্দটুকুর সাথে কখনো কি ভুল শব্দটি মিশে থাকে? কিংবা ভুল সময়, ভুল মানুষ, ভুল করে জীবনে এলে জীবন কি আর আগের মত নিস্তরঙ্গ থাকে? নাকি এলোমেলো হয়ে যায় পুরো জীবন? "মানুষটা অনেকটা আগুনের মত। অন্ধকারে হোক কিংবা আলোতে, নির্জনে কিংবা ব্যস্তমুখর কোনো কোলাহলে হোক মানুষটার উপস্থিতি বড় বেশি প্রকট। গায়ের রং অসম্ভব ফর্সা আর বাঙালি ছেলেদের তুলনায় উচ্চতা খানিকটা বেশি বলে মানুষটাকে অনেক ভিড়ের মাঝেও আলাদা করা যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে প্রেমে পড়েছে। ভুল জায়গায়, ভুল সময়ে সে একটা ভুল মানুষের প্রেমে পড়েছে। সজল নামের একটি ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছে মাস তিনেক আগে। সামনে ঈদের পরেই সজলের সাথে তার বিয়ে। বাবা যখন সজলের প্রস্তাব নিয়ে রুহির সামনে এসেছিলেন তখন রুহির না করার কোনো কারণ ছিল না। দেখতে বেশ সুদর্শন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিরত সজলের ছবি দেখে রুহি এক বাক্যেই বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। তবে বাধ সাধলো দিন পনের আগে। যখন এই মানুষটা গত জানুয়ারি মাসের এগারো তারিখে তাদের ফ্যাকাল্টিতে অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে জয়েন করলেন তখন সবকিছু বদলে গেল। মানুষটাকে এক নজর দেখেই রুহির মনোজগতে ভীষণ রকমের তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। মনে হয়েছিল, এই তো সেই মানুষ যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করে আছে।"
Average
Read all reviews on the Boitoi app
“আগুন ঝরার দিনে” উপন্যাসটি যেন এক আবেগময় অনুভূতির যাত্রা। রুহি, আশফাক ও দীপার চরিত্রগুলো এতটাই জীবন্ত যে মনে হয়েছে, এরা আমাদের আশেপাশেরই কেউ। তাদের প্রেম, দ্বন্দ্ব, সংকট, সবকিছু মিলিয়ে প্রতিটি অধ্যায়ে ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। লেখক ‘তামান্না স্মৃতি’ দারুণভাবে মানবিক সম্পর্ক আর জীবনের জটিলতা ফুটিয়ে তুলেছেন। ভাষা সহজ, সাবলীল, আর উপন্যাসের গাঁথুনিও বেশ শক্ত। একবার শুরু করলে শেষ না করে ওঠা যায় না। লেখিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আশফাক আর রুহির ভালোবাসা খোলা জানালায় এক চিলতে রোদ্দুর। আলোকিত করে কিন্তু পুড়িয়ে দেয়না। লেখিকার পড়া প্রথম ইবুক। ভালো লেগেছে।
চমৎকার একটা বই! রুহি, আশফাক আর দীপা - গল্পের প্রধান তিন চরিত্র। অদ্ভুত এক সম্পর্কে জড়িয়ে পড়ে রুহি আর আশফাক। তারপর কি হয়, তা নিয়ে খুব সুন্দর একটা উপন্যাস লিখেছেন তামান্না আপু, যা কি না গল্পের শেষপর্যন্ত পাঠকের মনোযোগ ধরে রাখে। গল্পের সমাপ্তি খুব সুন্দর এবং বাস্তব সম্মত হয়েছে। ❤️
শেষটা এত সুন্দর
বই: আগুন ঝরার দিনে লেখিকা: তামান্না স্মৃতি মাত্র বইটি পড়ে শেষ করলাম। অনেকটা এক বসায় শেষ করার মত। লেখিকা তামান্না স্মৃতির আরেকটি মিষ্টি প্রেমের উপন্যাস, আমার মতে যে কেউ পড়তে পারেন। বইয়ের মূল চরিত্র রুহী ও আশফাক। তবে এই দুজনের চরিত্র ছাড়াও দীপা চরিত্রটাও ভালো লাগার মত। আশফাক এবং রুহীর প্রেমকে কেন্দ্র করেই উপন্যাসের কাহিনী চলতে থাকে,একের পর এক ঘটনা ঘটতে থাকে। কিছুটা অসম প্রেম কাহিনীও বলা যায়। ভালো লেগেছে উপন্যাসের একটা কথা যে কথাটার সাথে আমি একমত এবং ভালো লাগা বাড়িয়েছে তা হলো - আমরা ভুল সময়ে ভুল মানুষের প্রেমে পড়ি। বহুল প্রচলিত তবে উপন্যাসের কাহিনী এবং চরিত্রের সাথে একদম মিলে গেছে। সবশেষে চমৎকার একটা প্রেমের উপন্যাস হলো এই আগুন ঝরার দিনে। অনেক অনেক শুভকামনা তামান্না স্মৃতির জন্য।
রুহি আর আশফাক স্যারের মতো পরিস্থিতি অনেকের জীবনেই আসে তবে রুহির মতো সবাই সবকটা সামলে নিতে পারেনা, রুহিকে ধন্যবাদ। সুমির মতো বন্ধু সবার ভাগ্যে জুটেনা! আপাত দৃষ্টিতে দীপাকে আত্মমর্যাদাহীন মনে হতে পারে কিন্তু দীপা যা করেছে আমার মনে হয়েছে ও একদম ঠিক কাজ করেছে। খুব ভালো লিখেছে তামান্না স্মৃতি, ধন্যবাদ।
আসলে ভালোবাসার অনুভূতি কখন, কিভাবে কার জন্য সৃষ্টি হয় আমরা কেউ বলতে পারি না। ভুল সময়ে ভুল মানুষের প্রতি মনের এই আবেগ সবাই লাগাম টানতেও জানে না। আবার অনেকে এই চক্র থেকে বের হয়েও আসে কিন্তু ঐ যে অনুভূতি সেটা তো মিথ্যা ছিলো না মনের অজান্তেই যা কখনো সখনো মনের কোনো গহীনে উকি দিয়ে যায়..... দারুন লেখনী... আপু... বর্তমান সময় উপযোগী...আগামী তে আরো সুন্দর সুন্দর লেখার জন্য শুভকামনা.....
বইটি পড়লাম। খুব সুন্দর বই। সবাই পড়তে পারেন। আশা করি ভালো লাগবে।