

ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করেছে। ফোঁটা বৃষ্টিতে মাইক্রোবাসের কাঁচ ঝাপসা হয়ে এসেছে। তবে স্মৃতির আয়না যেন আরো স্পষ্ট আর অমলিন হয়ে ভেসে বেড়াচ্ছে শাবুর সামনে। শাবু দেখতে পাচ্ছে, রাস্তাজুড়ে এলোমেলো ছুটোছুটি করছে সে। শাবুর পিছু পিছু দীপা-নীপাও ছুটে বেড়াচ্ছে। কটকটিওয়ালা চাচা ছোটো ঢোলের তালে ডেকে যাচ্ছে, 'এই কটকটি, চানাচুররর...' নীপার নুপূর হারানোকে কেন্দ্র করে সফি ফকির তার তুলো রাশির হাত নিয়ে আশেপাশের কয়েক বাড়িতে ঢুকে যাচ্ছে। সবাই তর্কে তর্কে আছে, এই বুঝি চোর ধরা পড়ল! কিন্তু না, হাত কোথাও থামছে না ফকিরের। ছুটছে তো ছুটছেই। শেষ পর্যন্ত হাত গিয়ে থামল তিন বাড়ি পরের এক পুকুরপাড়ে। সফি ফকির জোরে জোরে বলতে লাগল, 'নুপূর জোড়া বেশিদূর না, এই পুকুরের পানিতেই পড়ছে।' দীপা, নীপা আর শ্রাবণ। এই তিনটি জীবনের একটিই গল্প; "শ্রাবণ দিনের শেষ কদম ফুল..."