

'মানসম্মত শিক্ষা' বর্তমান সময়ে একটি আলোচিত বিষয়। কথায় কথায় আমরা বলি বর্তমানকালে আমরা শিক্ষার্থীদের যে শিক্ষাদান করছি তা মানসম্মত নয়। বস্তুত এককথায় মানসম্মত শিক্ষা কী তা সংজ্ঞায়িত করা কঠিন। বিভিন্ন শিক্ষাবিদ বিষয়টিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন। মানসম্মত শিক্ষা মূলত একগুচ্ছ বিষয়, তার মধ্যে পাবলিক পরীক্ষার ফল ঐ গুচ্ছের একটিমাত্র অংশ। মূল্যায়ন এবং তার কার্যকারিতা একজন শিক্ষককে সাহায্য করে তিনি কীভাবে আগামী দিনগুলোর শিক্ষা কার্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি গ্রহণ করবেন। একজন শিক্ষকের প্র্যাকটিস এবং কার্যাবলি কাঙ্ক্ষিত ফলের দিকে যাচ্ছে কি না তা জানার একটি শক্তিশালী পদ্ধতি হচ্ছে 'কর্মসহায়ক গবেষণা'। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাদান পদ্ধতিতে বিরাজমান সমস্যাবলি সমাধান করার জন্য প্রয়োজন যথাযথ সিদ্ধান্ত। কর্মস্থলে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেবলমাত্র গবেষণাই উপজীব্য। শিক্ষা সংশ্লিষ্ট এ জাতীয় বহু বিষয়ের বর্ণনা, আলোচনা, মতামত ও কিছু বাস্তব সমাধানের কথা তুলে ধরা হয়েছে বইটিতে।