
মস্তবড় ড্রইংরুমের পুরোটাই ফ্লোরে সবার বসার ব্যবস্থা করা হয়েছে, বিয়ে পড়ানোর জন্য। সবাই সেখানেই দুই ভাগ হয়ে বসেছে। একপাশে কনেপক্ষ, আরেকপাশে বরপক্ষ। মাঝে এক হাত দূরত্ব রেখে পাশাপাশি দুটো কুশন রাখা হয়েছে বর আর কনের বসার জন্য। রোদ ইতিকে বাঁ পাশে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ডান পাশে বসে পড়ে। সবার উপস্থিতিতেই বিয়ে পড়ানোর কাজ শুরু হয়। প্রথমে মেয়ের বিয়ে পড়ানো হয়। স্বাক্ষর করার সময় বারদুয়েক ইতির হাত কেঁপে ওঠে। দুবারই সে রোদের দিকে তাকিয়েছে। কিন্তু রোদের মাঝে কোনো ভাবান্তর দেখতে পায়নি। পেছন থেকে আফ্রিদা ঠেলে দিতেই ইতি একবার বাবা, মা, ভাই, বোনের দিকে তাকিয়ে স্বাক্ষর করে দেয়। ইতির পরে রোদকে স্বাক্ষর করতে দেওয়া হলে সে হরহর করে স্বাক্ষর করে দেয়। না কারও দিকে তাকায়, না এক সেকেন্ড সময় নেয় কিছু ভাবার জন্য। রোদকে এভাবে স্বাক্ষর করতে দেখে ইতির মনে হয় লোকটা এত কনফিডেন্ট যে একবারও মনে হলো না—‘সময় আছে, আরেকবার ভেবে দেখি!’ অথচ হরহর করে স্বাক্ষর করে দিল। যেন কোনো ডিল সাইন করছেন সে। বিয়ে পড়ানো শেষ হলে সবাই খুরমা-খেজুর দিয়ে মিষ্টিমুখ করে নেয়। ইতি ঝট করেই পাশ ফিরে রোদের দিকে তাকায়। একটু আগেও এই মানুষটা কেবল তার বস ছিল, আর কয়েক মুহূর্ত পর সেই একই মানুষটা এখন তার বস-বর—মানে বসও সে, আবার বরও সে। ভাবতেই অবাক লাগছে ইতির। সত্যি কি বিয়েটা হয়ে গেল? নাকি স্বপ্ন দেখছে! বাস্তবতা গুলিয়ে ফেলছে সে।