

"বুশরার সাথে সাথে আমারও বুঝি বোধ শক্তি হারিয়ে গেছে, চোখ দুটো কেবলই পানিতে ভরে যাচ্ছে! আহারে কোভিড, কত কি নিয়ে গেলো, কম বয়সী মেয়ে ডাক্তারটা ক্ষোভ আর কষ্টে বলে গেলো কি সাহসী আর নিদারুণ যন্ত্রণা নিয়ে কোলের বাচ্চাটাকে দূরে সরিয়ে দিনরাত এক করে ডিউটি করে যাচ্ছে তখন মনটা কেমন যে করে উঠলো!!! রিমনের মতো সরল মনের ভালো মানুষগুলো এখনো আছে বলেই হয়তো পৃথিবীটা বাসযোগ্য! প্রথম গল্পে জেরিনের জন্য খুব কষ্ট হচ্ছিলো তবে শেষটা পড়ে মন ভালো হয়ে গেলো!"
উত্তর-তিরিশে, জেরিন, "এক ধরণের পরাজয়" অনুভব করে। জেরিনের জীবনের ধ্রুবতারা, তার প্রেমিক নির্ঝর বিয়ের পরে তাকে সখী বলে ডাকে না বহুদিন। সে ব্যস্ত, সফল সার্জন ডাক্তার, ক্যারিয়ারে সফল। আর তাকে ঘিরে আবর্তিত জেরিন কোথায়? বাবা-মায়ের মেধাবী সন্তান, সরকারি মেডিকেল কলেজের নামকরা ছাত্রীটির ক্যারিয়ার-গড়ার যাত্রা পেছাতে পেছাতে ভুলে যাওয়া উপক্রম তার প্রেমিকের, স্বামীর। কেনো এমন হয়! কোথায় যেন জেরিনের ভুল হল খুব। তাই জেরিন অতীতে-বর্তমানে হারিয়ে যেতে যেতে ভাবে, অনেক হেরেছি, আমাকে এইবার আমার চাওয়া-পাওয়ার খাতাটা মেলতেই হবে। এই অনুধাবন জেরিনকে পোড়ায়। সে শুরুতে এই আত্ন-আবিষ্কারে তার জীবন সাথিকে দেখাতে চায় তার পাশে। সেই মাতাল প্রেমিককে খুঁজে বেড়ায়, যে ভুল করলেও অনুতপ্ত হতো, ভালোবাসায় একচ্ছত্র হয়ে ভরিয়ে রাখতো তার দিনগুলি। একা জেরিন খুঁজছে তার ভালোবাসাকে। নির্ঝরের ভালোবাসা কি ফুরিয়ে গিয়েছে! জেরিন ঠিক করলো সে পারবে, প্রয়োজনে একা হলেও সে পারবে, সে তার সিদ্ধান্ত নিজে নেবে, নিজের কথা নিজে বলবে, তার বাবা-মায়ের স্বপ্নপূরণ করবে। সে তো আগে কখনই নিজের ইচ্ছেকে প্রকাশ করেনি। এবার, সৎভাবে নিজের চাওয়াকে বলার পরে- নির্ঝর জেরিনকে ভালোবাসে কিনা, তার কষ্ট বুঝবে কিনা, তাতে যখন কিছুই বদলায় না জেরিনের অটলতার..... নির্ঝর এইবার পুনরাবিষ্কার করুক নিজেকে, তার স্ত্রীকে, তাদের ভালোবাসাকে। জেরিনের নিজেকে ভালোবাসার সূচনায় নির্ঝর তাকে ভালবাসবে এই কামনায় থাকি। নির্ঝর কি তা করবে? নিজের জীবন বদলানোর উদ্দেশ্যে প্রান্তিক জীবন থেকে রাজধানীতে আসা তরুণ ডাক্তার রিমন আর তার সাথে ত্রপার সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা যা শেষ পর্যন্ত রয়ে যায় অপূর্ণ, আর অন্যদিকে দুই তরুণ তরুণীর নবদাম্পত্য। এই দুই বৃত্ত থেকে জাগ্রত কয়েকটি ঘটনা, আর ওই বৃত্তের বাইরের কয়েকটি ঘটনা, এইসব রেখা আর বলয় একটি লক্ষ্যেরই অভিমুখী। প্রেমের উপন্যাসের কাছে পাঠকের যে প্রত্যাশা, তার দেওয়া হয়েছে এক সজীব, প্রত্যক্ষ, তত্ত্বাতীত জীবনস্পর্শ। এই উপন্যাসে যেন কেবল প্রেমের ফুলেল সৌরভ নয় বরং জীবনের নির্মমতার কাঁচা তাজা স্বাদ গন্ধও খুঁজে পাই আমরা। পড়া শেষ করে আমাদের হৃদয় পূর্ণ হয় এক অপার্থিব হাহাকারে, সমগ্র চরাচর বিদীর্ণ করে দিতে ইচ্ছে করে এক সুতীব্র চিৎকারে। বলতে ইচ্ছে করে এ ভারী অন্যায়, এটা ঠিক নয়। এরকম হওয়া উচিত নয়। তবু এরকম হয়েছে, হচ্ছে, হয়ত আরও হবে। কেননা মহামারীতে মৃত্যু যখন কেবল একটি সংখ্যা মাত্র, তখন আমজনতার জীবন, মানুষের জীবনের মূল্য ফড়িঙের, দোয়েলের জীবনের চেয়েও বেশি মূল্যহীন। উপন্যাসের অন্তিমে এসে বুশরার কাতর হাহাকার আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের অসহায়ত্ব। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ সত্যিই তুচ্ছাতিতুচ্ছ, তাদের পরিণতিও পূর্ব নির্ধারিত। বুশরার অশ্র্রু ছড়িয়ে পড়ে আমাদের চোখেও, আর রেখে যায় কিছু অমীমাংসিত প্রশ্ন। যে প্রশ্নের উত্তর খুঁজে বের করার ভার লেখক ন্যস্ত করেছেন সম্মানিত পাঠকদের ওপর।
বুশরার সাথে সাথে আমারও বুঝি বোধ শক্তি হারিয়ে গেছে, চোখ দুটো কেবলই পানিতে ভরে যাচ্ছে! আহারে কোভিড, কত কি নিয়ে গেলো, কম বয়সী মেয়ে ডাক্তারটা ক্ষোভ আর কষ্টে বলে গেলো কি সাহসী আর নিদারুণ যন্ত্রণা নিয়ে কোলের বাচ্চাটাকে দূরে সরিয়ে দিনরাত এক করে ডিউটি করে যাচ্ছে তখন মনটা কেমন যে করে উঠলো!!! রিমনের মতো সরল মনের ভালো মানুষগুলো এখনো আছে বলেই হয়তো পৃথিবীটা বাসযোগ্য! প্রথম গল্পে জেরিনের জন্য খুব কষ্ট হচ্ছিলো তবে শেষটা পড়ে মন ভালো হয়ে গেলো!
Read all reviews on the Boitoi app
হৃদয় কে স্পর্শ করে গেলো।
২টাই গল্পই ছিল চমৎকার। ভালো লাগার জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো কী সুন্দর করে লেখক সামাজিক বার্তা দিয়েছেন!
দুটা গল্পই এত সুন্দর আর মন খারাপ করার। একটা জীবনে আমাদের কত রকম যুদ্ধের সম্মুখীন হতে হয়। -এমি
জেরিনের গল্পটা যেমন খুব আশাবাদী, মামুন বুশরার গল্পটা তেমন কী সকরুণ! আসলেই নিজে নিজেকে গুছিয়ে নিতে না পারলে কেউ গুছিয়ে দেয় না, সবাই সুযোগ নিয়ে চলে। তাই শিলাই ঠিক ছিলো। জেরিনও দুঃখের মাধ্যমে পথ খুঁজে পেয়েছে, এটা অবশ্যই আনন্দের। যে জীবন দোয়েলের, তাই যদি মানুষের হত, হয়তো বুশরা বেঁচে যেত দুঃখবোধ থেকে। কিন্তু অকাল বৈধব্যের যন্ত্রণা শুধু সামাজিক বোঝা থেকে নয়। সে তো মামুনকে ভালোও বেসেছে
খুব সুন্দর গল্প গুলো
এক ধরনের পরাজয় গল্পে নির্ঝর পরে পরিবর্তন হয় কিন্তু বাস্তবে নির্ঝররা কখনো ঠিক হয় না আর বোকা জেরিনরা চিরদিন ঠকেই যায়৷ যে জীবন দোয়েলের গল্পটা মন ছুয়ে গেছে। একটা দুর্যোগ কত জীবন যে এলোমেলো করে দেয়!
জেরিনের মত মেয়ে আমার পছন্দ না। শুধু মেয়ে কেনো আসলে জেরিনের মতো মানুষ আমার পছন্দ না। যেই বাবা মা জন্ম থেকে নিয়ে সব কিছুতে পাশে থাকে, তাদের চেয়ে যখন কোনো দুইদিনের ভালোবাসার মানুষ গুরুত্ব পায়, তাদের কারণে মেরুদন্ডহীন হয় পরে কেউ, আমি তাদের কে দেখতে পারি নাহ। অনেক ছেলে মেয়ে এই কাজ করে। নিজের গুরুত্ব নিজেকে দিতে হয়। শেষ অব্দি জেরিন নির্ঝর এর গুণকীর্তন করে গেলো, এইটা কে ভালোবাসা বলে কিনা জানিনা। আগে তো সৃষ্টিকর্তার পর বাবা মার নাম নেয়া উচিত ছিল। কিন্তু জেরিন রা এখন বাস্তবতা , লেখিকা খুব সুন্দর করে তুলে ধরেছে ।
দু’টি গল্পই খুব সুন্দর। প্রথমটিতে যদিও পরিচিত প্লট, তবু স্বামীস্ত্রীর পরপস্পরকে বুঝে ভালোবাসায় ফিরে আসাটা একটা চমতকার বার্তা দিয়েছে। দ্বিতীয়টিতে কোভিডের সময়টার সামান্য অংশ তুলে এনে গল্পের মনখারাপ করা হলেও বাস্তব সমাপ্তি ঘটেছে। ইবুক বলে হয়ত কোনো কোনো পৃষ্ঠার আর গল্পের ভাগগুলো পরিস্কার ছিল না। তবে তার জন্য লেখকের কোনো দায় নেই। সবমিলিয়ে মৌলি আখন্দের সামাজিক লেখা পড়ার আগ্রহ আরও বাড়ল। লেখকের জন্য শুভকামনা।
এক ধরনের পরাজয় এবং যে জীবন দোয়েলের দুটো গল্পই অনেক ভালো লেগেছে💞💞