

পরেশের বেহুঁশ হওয়ার কথা শুনে বাড়ির সাহসী কয়েকজন তাড়াতাড়ি বাতি নিয়ে বেরিয়ে পড়লো পরেশকে খুঁজতে। বিলে গিয়ে বিলের পাড় ধরে খুঁজতে থাকলো এবং এক সময় পরেশকে পেয়ে গেলো। তারা দেখলো সত্যিই পরেশ বেহুঁশ হয়ে পড়ে আছে। পরেশের চাচা খগেন তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলো। তারপর চোখে মুখে পানি ছিটালে পরেশের জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরে পাবার পরই আমারে বাঁচাও পেত্নী আমারে মাইরা ফেলবো বলে আবার বেহুঁশ হয়ে পড়লো। আবার তার চোখে মুখে পানি ছিটালে দ্বিতীয়বার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরলে খগেন তাকে বললো,“অহন আর ভয় নাই পরেশ, তুই অহন বাড়িতে আছস। দ্যাখ আমরা হজ্ঞলে তর সামনে আছি”। পরেশ চোখ খুলে এদিক ওদিক চোখ ঘুরিয়ে সবাইকে একসাথে দেখেতে পেয়ে মনের ভয় কেটে গেলো। সবাই নগেন এবং পরেশকে ঘরের মধ্যে নিয়ে গেলো। কিছু দিন পর নগেন এবং পরেশের মনের ভিতর থেকে পেত্নীর আতঙ্ক কেটে গেলো। তবে সেই রাতের পর নগেন আর কখনো রাতে বিলের জলে মাছ ধরতে যায়নি।