

ব্রাম স্টোকার জীবদ্দশায় বেশ কিছু হরর এবং ভৌতিক গল্প লিখে গেছেন। সব গল্প পাওয়াও যায় না। আমরা যেগুলো পেয়েছি সেখান থেকে বাছাই করে এ সংকলনে দিয়েছি। তবে এতে ব্রাম স্টোকারের সবচেয়ে বিখ্যাত কয়েকটি গল্পই রয়েছে। যেমন: ড্রাকুলাস গেস্ট, দ্য জাজ’স হাউস, দ্য সিক্রেট অব দা গ্রোয়িং গোল্ড, ইত্যাদি। এগুলো খাঁটি ভূতের গল্প। আশা করি ভূত এবং হররপ্রেমী পাঠকদের সবগুলো গল্পই ভালো লাগবে।
পাঠক হিসেবে শুরু থেকেই অনুবাদ বলতে আমি অনীশ দাস অপু বুঝলেও, ব্রাম স্টোকারের সাথে পরিচয় হয় তার ‘Dracula’ ও ‘Layer of the White Worm' বইয়ের মাধ্যমে। স্টোকারের ছোট গল্প খুব বেশি পড়া হয়নি আমার। শুধু ‘বিচারক ভবন’ নামে একটা গল্প পড়েছিলাম আগে, সেই সুবাদেই সুযোগ পেয়ে যাই ইবুকে অপু ভাইয়ের ‘গোস্ট স্টোরিজ অব ব্রাম স্টোকার’ পড়ার। পেয়েই বইটার পড়ে ফেলি অর্ধেকটা। কিন্তু ‘ক্রুকেন স্যান্ডস’ গল্পটা পড়ে খেই হারিয়ে ফেলি বলে বইটা থেকে দূরে ছিলাম অনেকদিন। অবশেষে দুদিন আগে আবার পড়া শুরু করলাম বইটা। এবারও একই সমস্যা। ব্রাম স্টোকার এ গল্পে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে টেনেটেনে লম্বা করেছেন বলেই এ ঝামেলায় পড়তে হয়েছিলো বলে আমার ধারণা। তাই আমি এ গল্পটিকে তার সেরা গল্প বলতে নারাজ, বাকি গল্পগুলোতে আমার কোনো আপত্তি নেই। বইটিতে সামান্য পরিমাণ ছাপাখানার ভূতুড়ে সমস্যা ছিল। বইটইয়ের প্রতিটি বইয়ে এ সমস্যা লক্ষ্য করছি। অনেক সময় লেখকের অজান্তেই কিবোর্ডের অটো-কারেকশন এই গোঁজামিলটা করে। সম্ভবত বাংলা কিবোর্ডের অভিধান এখনও সমৃদ্ধ হয়নি বলেই এ সমস্যাটা হয়। বই হিসেবে বের হলে ছাপাখানার সম্পাদক সাহেবের কাঁচির নিচে গিয়ে অনেকাংশে এ সমস্যা লোপ পেলেও ইবুকগুলোতে সমস্যাটা থেকে যাচ্ছে। ইবুক প্রকাশের আগে বইটইয়ের উচিত একবার সম্পাদকদের দিয়ে পড়িয়ে নেয়া ও তাদের এপ্স আপডেট করা। বিশেষ করে বইটইয়ে অনেকসময় ‘্র’ এর জায়গায় অসমিয়া ভাষার বর্ণ এবং পরের বর্ণের ‘ে’ আগের বর্ণে চলে আসতে দেখা যায় যা বিরক্তিকর। বইটইয়ের কাছে একটাই চাওয়া, তাদের এপ্সের ভাষাগত সমস্যাগুলো দূর করে ইবুককেও তারা বইয়ের সমমানে নিয়ে আসবে। তাদের ওপর এখনও যথেষ্ট পরিমাণ লেখক-পাঠক ভরসা করে আছে। সবশেষে বলতে চাই, অপু ভাইয়ের কাছে আরো হাড় হিম করা গল্প চাই। আপনি আগেই মেরু অঞ্চলে নিয়ে আমাদের শরীরকে ঠাণ্ডায় অব্যস্ত করিয়ে ফেলেছেন, এখন সামান্য শীতকাল শরীর ঠান্ডা করতে পারছে না। এখন আমাদের ইউরেনাস-নেপচুনের শীতলতা চাই।
Read all reviews on the Boitoi app