

কুরআন নাযিলের মূল উদ্দেশ্যই হলো তা বোঝা, অনুধাবন করা ও সে অনুযায়ী কাজ করা। কুরআন অনুধাবন করে পাঠ করলে পাঠকের ঈমান বৃদ্ধি পায়। প্রতিটি আয়াত ও সূরা তাঁর মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করে। কারণ এ সময় তাঁর চোখ-কান-হৃদয় সবকিছু কুরআনের মধ্যে ডুবে থাকে। কুরআনের শব্দালংকার সমঝদার পাঠকের অন্তরে ঝংকার তোলে। জীবন-সংশ্লিষ্ট বহু বৈধ-অবৈধ বিষয় মানুষ জানতে পারে কুরআন অনুধাবনের মাধ্যমে। কুরআন মূর্খতা ও পথভ্রষ্টতা থেকে মুক্তি দেয়। মুমিনগণ এর মাধ্যমে অন্ধকারে আলোর পথ খুঁজে পান; অবিশ্বাসীরা নয়। কেননা মুমিনগণ কুরআনের হালাল-হারাম মেনে চলেন।