

সূরা ফালাকের প্রথম আয়াতে প্রভাতের পালনকর্তা হিসেবে আল্লাহ তাআলার একটি পরিচয় আমরা দেখতে পাই। বাকি চারটি আয়াতে সৃষ্টির অনিষ্ট থেকে, অন্ধকার রাতের অমঙ্গল থেকে, জাদুর অশুভ প্রভাব থেকে, হিংসা-বিদ্বেষের কবল থেকে—যা আমাদের অগোচরে ঘটে এবং যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই—সেসব বিষয় থেকে নিরাপত্তা লাভের জন্য একমাত্র আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে। এটি এই কারণে যে, তিনিই এই সকল অমঙ্গল দূর করার এবং আমাদেরকে নিরাপত্তা ও স্বস্তির সুবাতাস দানের সকল ক্ষমতার অধিকারী। তিনি যেভাবে রাতের অন্ধকারের বুক চিরে ভোরের আলো ছড়িয়ে দেন, সেভাবেই আমাদের ভয়-ভীতি দূর করে নিরাপত্তা ও শান্তি এনে দেন।