

লেবুগাছে হলদে, চ্যাপ্টা লেবু ধরেছে। গাছটা অদ্ভুতভাবে মাচার ওপর তোলা বাড়ির বারান্দা পর্যন্ত উঠে এসেছে। বারান্দার দরজার রং গাঢ় নীল। খুব আহ্লাদী ভঙ্গিতে এক ধারে নুয়ে পড়েছে বড় বাগানবিলাস গাছ। চারদিকে লেবুফুলের অদ্ভুত সৌরভ। সামনে নীল জলরাশি। যে জায়গাটা এতক্ষণ ও স্বপ্নে দেখেছে, সেই জায়গাটার নাম সান্তোরিনি—একটা দ্বীপ। গতকাল ঘুমানোর আগে একটা ট্রাভেল শো দেখছিল। ইদানীং ওর ঘরে মন বসে না। ইচ্ছে করে সমুদ্রের কাছে গিয়ে পা ডুবিয়ে বসে থাকতে। হৃদয়ের গোপন অসুখ সমুদ্র সারাতে পারে? কে জানে! সমুদ্রের অপর নাম রত্নাকর। সাগরের সেই রত্ন তো ঝিনুক। তনুর মাঝে মাঝে মনে হয়, ঝিনুকের মুক্তোর মতোই আমাদের মনের গহীনের দুঃখ। লোকে সেই দুঃখ ভুলতে সাগরে যায়। সাগরে গিয়ে ভাসিয়ে দেয় গহীনের বেদনা। স্থলের মানুষের সব বিষাদ যেন ঝিনুক নিজের মাঝে মুক্তোর মতো ধারণ করে। সে জন্যই সাগর রত্নাকর।