

ব্রাম স্টোকারের ড্রাকুলাকে বলা হয় বিশ্বের ভয়ংকরতম পিশাচ কাহিনি। কিশোর বয়সে এই বইটি পড়ে ভয় পাননি এমন পাঠক বিরল। ব্রাম স্টোকার হরর লেখক হিসেবে চিরস্মরণীয় হয়ে রয়েছেন ড্রাকুলার জন্য। ড্রাকুলাকে নিয়ে তিনি একটি উপন্যাস এবং একাধিক গল্প রচনা করেছেন। ‘ড্রাকুলার প্রতিহিংসা’ বইতে তাঁর সেই বিখ্যাত উপন্যাসটিসহ আরেকটি গল্প দেওয়া হয়েছে। ড্রাকুলার কাহিনি গড়ে উঠেছে জোনাথন হারকার নামে এক তরুণ আইনজীবীকে নিয়ে। তার নিবাস ইংল্যান্ডের লন্ডনে। একদিন সে রুমানিয়ার ট্রানসিলভানিয়া থেকে কাউন্ট ড্রাকুলা নামে এক লোকের একটি চিঠি পায়। কাউন্ট লন্ডনে বাড়ি কিনেছেন, সে ব্যাপারে জোনাথনের সঙ্গে সরাসরি চুক্তি করতে চান। জোনাথন কাউন্ট ড্রাকুলার সঙ্গে দেখা করতে চলে যায় বহু দূরের পথ ট্রানসিলভানিয়ায়। সেখানে সে সঞ্চয় করে এক ভয়াবহ অভিজ্ঞতা। কাউন্ট ড্রাকুলা চলে আসে লন্ডনে তীব্র প্রতিহিংসা নিয়ে। শুরু হয় মানুষ আর ভ্যাম্পায়ারের এক ভয়ানক লড়াই।