
হাসতে হাসতে হুট করে নিয়ে ফেলা একটা সিদ্ধান্ত তিন বন্ধুর। মিমি, সপ্তর্ষী আর মুন। কলেজের শেষ দিনে, রঙ মাখামাখি, বন্ধুদের ছেড়ে আসার কষ্ট, ভবিষ্যৎ চিন্তার পাশেই হুট করে নিয়ে নেওয়া একটা সিদ্ধান্ত। খুবই ছোট্ট একটা ইচ্ছে, একদিন তারা একসাথে বেড়াতে যাবে। তিনজন, কোথাও। একসাথে। তখন নিশ্চয়ই বাবা-মায়ের এত বিধিনিষেধ থাকবে না। আজ গেলে নাচের ক্লাস মিস, কাল গেলে অংক টিচারের কাছে কে পড়বে, তোর বাবা এসব পছন্দ করেন না, টাকাটা মাসের শেষে কীভাবে আসবে—এসব নিশ্চয়ই হয় না বড়বেলায়। কীভাবে সেই ইচ্ছেটুকু আড়াল হলো, কিংবা আবারও প্রবল হলো, কেনই বা হলো, গল্পটুকু এখানেই।