

মেডিকেল জীবনের কাঠখোট্টা ব্যস্ততা আর প্রফের দমবন্ধ করা ক্লান্তির মাঝে কিছু বিচ্ছেদ নীরবেই ঘটে যায়। কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, অথচ ভালোবাসা শেষ হয় না। সুস্মিতা আর খালিদের দূরত্বটাও কোনো নাটকীয় কারণে তৈরি হয়নি; হয়েছিল অহংবোধ, অনুশাসন আর নিজেদের মতো করে অন্যকে বদলে নেওয়ার ব্যর্থ বোঝাপড়ায়। সাড়ে চার মাস আগে পারিবারিক বিশ্বাস, অভিমান আর কিছু তীব্র কথার আঘাতে আলাদা হয়ে গিয়েছিল খালিদ ও সুস্মিতা। এরপর আর কোনো কথা হয়নি তাদের। হঠাৎ এক রমজানের রাতে, লাইব্রেরি থেকে ফেরার পথে আবার মুখোমুখি তারা। হাতে সুস্মিতার ভারী ব্যাগ, মনে জমে থাকা অসংখ্য অনুচ্চারিত কথা। কয়েক মিনিটের সেই পথ যেন ফিরিয়ে আনে পুরোনো দিন, ভুল, অভিমান আর ভালোবাসার স্মৃতি। ব্রেকআপের সাড়ে চার মাস পর এক নিঃসঙ্গ রাতে লাইব্রেরি থেকে ফেরার সেই চেনা পথটুকু যেন আবার উন্মোচন করে এক অবরুদ্ধ ক্ষত। অনুশোচনা আর আত্মসম্মানের টানাপোড়েনে দাঁড়িয়ে শেষবারের মতো বোঝা যায়—সব ভুল এক জীবনে শুধরে নেওয়া যায় না। সব ফিরে পাওয়া যায় না। কিছু মানুষকে ভালোবেসেও ছেড়ে দিতে হয়। কিছু পথ পাশাপাশি শুরু হয়, অথচ শেষ পর্যন্ত চলে যায় বিপরীত দিকে। ‘বিপ্রতীপ পথ’ এক অসমাপ্ত ভালোবাসার চেনা গন্ধ আর তীব্র অপরাধবোধের এক হৃদয়স্পর্শী আখ্যান।