

কিছু ভালোবাসা হারিয়ে যায়, কিন্তু তার রেখে যাওয়া স্বপ্নগুলো সহজে মরে না। মধ্যবিত্তের টানাটানি আর সামাজিক মর্যাদার নির্মম সমীকরণে ভালোবাসা প্রায়ই হেরে যায়। মৌমিতাকে হারানোর পর অর্পণ নিজেকে বুঝিয়েছে—তাদের আলাদা হয়ে যাওয়াই ভালো ছিল। তার ছোট্ট ঘর, সীমিত সামর্থ্য, অগোছালো জীবন—সবকিছুই যেন মৌমিতার পরিপাটি পৃথিবীর সঙ্গে বেমানান। অথচ ভালোবাসার জন্য সে যে স্বপ্নগুলো বুনেছিল, সেগুলোই আজ বুকের ভেতর দলিত-মথিত হয়ে পড়ে আছে। মৌমিতার ছেড়ে যাওয়াকে অকাট্য যুক্তিতে মেনে নিয়ে অর্পণ নিজেকে গুটিয়ে নিয়েছিল এক নীরব ধ্বংসস্তূপে। বুকের বাম পাশে জমে থাকা সেই দলিত-মথিত স্বপ্নের অবশিষ্টাংশ তাকে তাড়া করে ফিরত প্রতিটি মুহূর্তে। কিন্তু এক রাতে ছাদের নির্জনতায় হঠাৎ পরিচয় হয় পাশের ফ্ল্যাটের এক অচেনা মেয়ের সঙ্গে। চাঁদের আলো আর বেলিফুলের সৌরভে যখন আরেকটা নিঃসঙ্গ প্রাণের ছোঁয়া লাগে, তখন নিঃশব্দেই ঘুচে যায় সেই দীর্ঘ ক্ষত। কয়েকটি সাধারণ প্রশ্ন, কিছু অনিচ্ছাকৃত উত্তর আর অপ্রত্যাশিত এক আলাপ অর্পণকে বুঝিয়ে দেয়—সব হারানোর পরও জীবন থেমে থাকে না, কখনো কখনো নতুন কোনো সম্পর্ক নয়, শুধু একজন মানুষের আন্তরিক উপস্থিতিই পুরোনো ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট। ‘দলিত-মথিত স্বপ্নের অবশিষ্টাংশ’ এক অসমাপ্ত প্রেমের হাহাকার ছাপিয়ে নতুন করে নিঃশ্বাস নেওয়ার এক পরম স্বস্তির আখ্যান।
ছোট গল্পের পুরো স্বাদ রয়েছে। পড়া শেষে মনে হয় 'শেষ হইয়াও হইলো না শেষ। '
Read all reviews on the Boitoi app