

ঈদের ছুটিতে বাড়ি ফিরেই আকাশ ভেঙে পড়ে মিতুর মাথায়। প্রেমের সম্পর্ক জানাজানি হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে ঠিক করা হয় বিয়ের পাকা কথা। বন্দি পরিস্থিতি থেকে বাঁচতে প্রেমিক পিয়াসের সঙ্গে পালিয়ে যাওয়ার শেষ পরিকল্পনা আঁটে সে। কিন্তু মাঝরাতে মিতুর মলিন মুখের আকুলতা স্পর্শ করে বাবা মোজাফফর হোসেনের হৃদয়। সন্তানের মুখের দিকে তাকিয়ে, সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে, কেবল একটি ওয়াদার বিনিময়ে বিয়ে ভেঙে দেন বাবা—পরিবারের সম্মানহানি হয়, এমন কিছু মিতু করবে না। এদিকে খবর না থাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী পার্লারের সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে পিয়াস। বাবার দেওয়া বিশ্বাসের মর্যাদা, নাকি ভালোবাসার হাতছানি—কোনটি বেছে নেবে মিতু? পেছনে ফেলে আসা অনিশ্চিত টানাপোড়েন আর সামনে দাঁড়িয়ে থাকা সম্পর্কের দায় নিয়ে লেখা ‘অপেক্ষা ও অঙ্গীকার’ আত্মমর্যাদা, পিতৃত্বের স্নেহ এবং একটি পবিত্র প্রতিশ্রুতির গভীর আখ্যান।